মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
২৩ মার্চ ২০ ২২
১:২৫ পূর্বাহ্ণ

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য ওজনে কম দেয়ার অভিযোগ
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পণ্য বিক্রিকালে এ অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। জানা যায়- ১০নং দেবপাড়া ইউনিয়নের ১০৩৫ জন টিসিবির পণ্য সুবিধাভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে টিসিবির পণ্য কিনতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন সুবিধাভোগীরা। সকাল সাড়ে ১০টার দিকে পণ্য বিক্রি শুরু হয়। ৪৬০ টাকা মূল্যের প্রতি প্যাকেজে ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২ লিটার ভোজ্যতেল থাকার কথা থাকলেও প্যাকেজ পাওয়ার পর কয়েকজন ভোক্তভোগী তেল বাদে অন্যন্য পণ্য ওজনে কম পাওয়ায় ট্যাগ অফিসার মোসাহিদ আলীকে বিষয়টি অবহিত করেন। মোসাহিদ আলী এ অভিযোগ আমলে না নিয়ে ভুক্তভোগীদের বলেন, এটা কিছু করার নেই ওজনে যা আছে তাই পাবেন। পরে ভুক্তভোগীরা এ বিষয়ে দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহরিয়াজ নাদির সুমনকে অবহিত করে আন্দোলন শুরু করেন। তাৎক্ষনিক গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ইউপি চেয়ারম্যান সুমন এসে পণ্য ওজন করার পরামর্শ দেন। ওজন করে দেখা যায় তেল ছাড়া অন্যন্য পণ্যগুলো ওজনে কম দেওয়া আছে। বিশেষ করে প্রতি প্যাকেজ চিনিতে ৫০০-৬০০ গ্রাম কম। তাৎক্ষনিক তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস ঘটনাস্থলে পৌঁছে পণ্য ওজনে কম দেওয়ার সত্যতা পান। যারা কম পেয়েছে তাদের ভর্তুকি দেওয়া এবং বাকি প্যাকেজগুলোতে ওজন ঠিক করে পণ্য বিতরণ করার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহরিয়াজ নাদির সুমন বলেন- আমি খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি ১০৩৫ জন সুবিধাভোগীদের মধ্যে শতাধিক সুবিধাভোগী ওজনে কম পণ্য ক্রয় করেছেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনকে বিষয়টি অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ উপস্থিত হয়ে ওজনে কম দেয়ার বিষয়টি তদন্ত করে সত্যতা পান এবং যারা ওজনে কম পেয়েছে তাদেরকে ভর্তুকিসহ বাকিদের কাছে সঠিক ওজনে পণ্য বিক্রয়ের আহ্বান জানান। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন, ওজনে কম দেয়ার বিষয়ে সত্যতা পেয়েছি। ভুক্তভোগীদেরকে ভর্তুকী এবং অন্যন্যদের কাছে সঠিকভাবে পণ্য বিক্রয় করতে বলেছি। প্যাকেজগুলোতে কোন জায়গা থেকে ওজনে কম দেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ