মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০ ২৬
৭:০ ৩ অপরাহ্ণ

শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে ১২৬ গবেষণাপত্র

শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল) ২০২৬।

এতে ১৩টি প্যারালাল অধিবেশনে ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন দেশি-বিদেশি গবেষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম জানান, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১২৬টি গবেষণাপত্র চূড়ান্তভাবে নির্বাচিত ও নিবন্ধিত হয়েছে। এসব গবেষণাপত্র ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপন করা হবে।

গবেষণাপত্রগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, কাজী নজরুল ইসলাম, মুসলিম সাহিত্য সমাজ, সাহিত্যসমালোচনা, লোকসংস্কৃতি, ভাষা ও সমাজ, নারী ও সমাজ, রাজনীতি, পরিবেশ এবং সমকালীন সামাজিক-সাংস্কৃতিক নানা প্রসঙ্গ। তিনি আরো বলেন, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট-সংযোগের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যকে সামনে রেখে সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম লক্ষ্য ছিল তৎকালীন বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চা, প্রগতিশীল চিন্তার বিকাশ ও বৌদ্ধিক স্বাধীনতার প্রসার।

অন্যদিকে, সিলেটে নজরুলের আগমন এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এ দুটি ঐতিহাসিক বিষয়কে একসূত্রে এনে সম্মেলনে সংশ্লিষ্ট ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার ও সমকালীন চিন্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। সম্মেলনে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।

কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক খিলখিল কাজীর। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হবে।

পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, বাংলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমদ, প্রভাষক মুহা. জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো. শামসুদ্দীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ