৭:৪৭ অপরাহ্ণ
ধলাই সেতুর নিচ থেকে বালু উ'ত্তো'লন: ২ জনের ৩ মাসের কা'রা'দ'ণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সহায়তা করে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে মো. আজিম উদ্দিন (২০) এবং নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজির গ্রামের আব্দুল বারিকের ছেলে আলাল মিয়া (২৫)। আলাল মিয়া বর্তমানে রুস্তমপুর গ্রামের গিয়াস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ ছাড়া পৃথক আরেক অভিযানে খনিজ ও খনিজ সম্পদ আইনে এজাহারভুক্ত আসামি কোম্পানীগঞ্জের মোস্তফা নগর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মোহাম্মদ আজিজ ওরফে আজিদ মিয়া (৫৯)-কে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, “লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”