৫:৫৫ অপরাহ্ণ
কমলগঞ্জে ভূমিমেলা উদ্বোধনী দিনেই কৃষকের পঞ্চাশ হাজার টাকা কর প্রদান
স্মার্ট ভূমি সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে দশ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এসময় রহিমপুর ইউনিয়নের বারিক খান নামের এক বৃদ্ধা পঞ্চাশ হাজার পাঁচ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করতে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য বসানো হয়েছে একাধিক স্টল।
মেলা থেকে সরাসরি যে সেবাগুলো পাওয়া যাচ্ছে। নামজারির অনলাইন প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা ও তাৎক্ষণিক আবেদন। অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের নিবন্ধন ও পরিশোধের সুবিধা। রেকর্ড রুমের মাধ্যমে খতিয়ানের জন্য আবেদন ও জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে বিশেষজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ প্রদান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবুল হোসেন,উপজেলা সাবরেজিস্টার ফয়সাল আহমেদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও পৌর বিএনপির আহবায়ক শোয়েব আহমদ প্রমূখ। উপজেলা সহকারী (ভূমি) রিয়াজ মাহমুদ সাধারণ মানুষকে কোনো প্রকার ভীতি ছাড়াই সরাসরি ভূমি অফিসে এসে অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানান, মেলাটি ১৯ থেকে ২১ মে পর্যন্ত এই তিনদিন চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানা যায়।
ভূমিমেলা অনুষ্টানে রহিমপুর ইউনিয়নের বারিক খান নামের এক বৃদ্ধা পঞ্চাশ হাজার পাঁচ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন। সেইসাথে থানাই মিয়া ও আছিয়া বিবি দম্পতির কুবিয়ত এবং দলিল সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদন করে নামজারী সম্পাদনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।