৪:১৯ অপরাহ্ণ
জকিগঞ্জে ৫১ কৃষক পেলেন ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ
সিলেটের জকিগঞ্জে সাতটি ব্যাংকের মাধ্যমে ৫১ জন কৃষকের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।
জকিগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার । সভাপতির বক্তব্যে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি জমি পতিত না রেখে চাষাবাদ করার আহ্বান জানিয়ে বলেন, এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকেরা স্বাবলম্বী হতে পারবেন।
বক্তারা বলেন, মাত্র ১০ টাকা খরচে কৃষি হিসাব খুলে কৃষিঋণ নেওয়ার সুযোগ রয়েছে। জমির পর্চা, খাজনার কপি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও কৃষি কার্ড থাকলে ঋণের জন্য আবেদন করা যায়। জমির মালিক না হলেও বর্গাচাষিরা জমির মালিকের লিখিত প্রত্যয়ন নিয়ে ঋণ পেতে পারেন।
আবেদনের সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও তাঁরা জানান। বক্তারা কৃষকদের সুদখোর মহাজনের পরিবর্তে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এনজিও ও সমবায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁরা বলেন, কৃষিঋণ কোনো প্রণোদনা বা ভাতা নয়, এটি পরিশোধযোগ্য ঋণ। তাই নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস সিলেট নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শাহীর। এ ছাড়া বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুর্শেদ লস্কর, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক প্রবীর দেবনাথ, জুলাই যোদ্ধা আব্দুল মালেক, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হৃদয় রঞ্জন বিশ্বাস।