শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা::
১৬ ফেব্রুয়ারী ২০ ১৯
১২:৫৭ পূর্বাহ্ণ

তাহিরপুরে রহিম নিহতের ঘটনায় মামলা প্রধান আসামির ভাইসহ আটক ৮
সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। প্রতিপক্ষ দেবাংশু শর্মা চৌধুরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম এজহারে উল্লেখ করা হয়েছে। তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেছেন নিহত আব্দুর রহিমের দুলাভাই আব্দুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর। তিনি জানান, আব্দুর রহিম হত্যার ঘটনায় ১৫ জন এজহারনামীয় এবং অজ্ঞাত ৮০ জনসহ মোট ৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার তাহিরপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হেফাজত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে হেফাজত কর্মী আব্দুর রহিম (২৫) নিহত ও উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এজহারে আব্দুল হক অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়াহাট গ্রামের সাধন শর্মা চৌধুরীর ছেলে দেবাংশু শর্মার নেতৃত্বে কিছু যুবক বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় ব্যবসায়ীসহ উপস্থিত হেফাজত কর্মী ও সাধারণ জনতার উপর হামলা চালায় তারা। কিন্তু, দেবাংশু ও তার সংঘবদ্ধ সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। প্রধান আসামি দেবাংশু চৌধুরীকে দ্রুত গ্রেফতারের দাবি তার। ওসি আরও জানান, রহিম নিহতের ঘটনায় যে ৮ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে প্রধান আসামি দেবাংশু শর্মার বড় ভাই কাজল শর্মা চৌধুরী রয়েছেন। এজাহারে তার নাম না থাকলেও অজ্ঞাত নামীয় হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাদের বিরুদ্ধে এর আগেও হত্যাচেষ্টা মামলা হয়েছে। পলাতক দেবাংশু শর্মাসহ অন্য আসামিদের ধরতে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নন্দন কান্তি। এদিকে, সংঘর্ষের সময় বাজারের বেশকিছু দোকানপাঠ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কয়েকটি দোকানে লুটপাটও হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে আন্দোলনে নেমেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ