৭:৪৫ অপরাহ্ণ
বিশ্বনাথে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর বাড়িতে হামলার অভি'যোগ
সিলেটের বিশ্বনাথে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে| ভুক্তভোগী রিতা দাশ পুরকায়স্থ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মৃদুল দাশ পুরকায়স্থের স্ত্রী| গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে|
জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ২৫/৩০ জন দুর্বৃত্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী, একানিধা এলাকায় রিতা দাশ পুরকায়স্থের বাড়ি ঘিরে ফেলে| হামলায় নেতৃত্বে দেন স্থানীয় সুহেল মিয়া, রাসেল মিয়া ও কালাম নামে কয়েকজন ব্যক্তি|
হামলার শিকার রিতা দাশ পুরকায়স্থ জানান- হামলার সময় দুর্বৃত্তরা উচ্চস্বরে তাকে হুমকি দেন ও তার বসতবাড়ির দিকে একের পর এক ইট-পাটকেল ছুঁড়ে মারেন|
তিনি আরও অভিযোগ করেন- দুর্বৃত্তরা তাকে হিন্দু ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের পরিচয়কে কেন্দ্র করে নানারকম আপত্তিকর মন্তব্য করেন| হামলাকারীরা তাকে এলাকা ছাড়ারও হুমকি দেন|
রিতা দাশ পুরকায়স্থের পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় হিন্দু সংখ্যালঘু পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হয়রানি ও নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে|
এদিকে, গত ২০ সেপ্টেম্বর বিশ্বনাথ সোনালী ব্যাংক শাখায় মুক্তিযোদ্ধা পরিবার ভাতার টাকা তুলতে গেলে রিতা দাশ পুরকায়স্থ হয়রানির শিকার হন| তিনি জানান, ব্যাংকের দুই কর্মকর্তা ভাতার টাকা উত্তোলনে ৫০ শতাংশ ঘুষ দাবি করেন|
তারা তার মুক্তিযোদ্ধা স্বামীকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন| রিতা দাশ পুরকায়স্থ বলেন, ‘বাড়িতে হামলার ঘটনার পর থেকে আমাকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে বারবার হুমকি দিচ্ছেন| ভয়ে আমি মোবাইলফোন নম্বর বদলে ফেলি| কিন্তু তারপরও আমাকে হুমকি দেওয়া হচ্ছে|’ স্থানীয় সূত্র জানায়- সম্প্রতি এলাকার অনেক সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে চলে যান| এজন্য রিতা দাশ পুরকায়স্থ আরও নিরাপত্তাহীনতায় আছেন| ভুক্তভোগী রিতা দাশ পুরকায়স্থ বলেন, ‘হামলার পর স্থানীয় থানায় সহায়তা চেয়েও পাওয়া যায়নি| অভিযোগ দায়ের করতে থানাপুলিশ আমাকে নিষেধ করেন|’ তিনি বলেন, ‘হামলার ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ও আতঙ্কে আছি।’