৯:১৬ পূর্বাহ্ণ
নবীগঞ্জে চালের কেজি ৪৮ টাকা বলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর
নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জে চালের কেজি ৪৮ টাকা বলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নবীগঞ্জ শহরের শান্তিপাড়া রোডস্থ আয়ান ডিপাটমেন্টাল ষ্টোরে এ হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহিদের পুত্র লিমন মিয়া নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুর গ্রামের বাসিন্দা নিবাস সুত্রধরের ব্যবসা প্রতিষ্ঠানে চাল কিনতে যায়। এ সময় ব্যবসায়ী নিবাস সুত্রধর চালের কেজি ৪৮ টাকা বলায় দাম বেশি হয়েছে দাবি করে লিমন অকথ্য ভাষায় গালিগালাজ করে তার দোকানে হামলা ও ভাংচুর করে। ব্যবসায়ীকে লিমন বলতে থাকে আমার ক্ষমতা সম্পর্কে তর কোনো ধারণা নেই। তুই চালের দাম অতিরিক্ত আদায় করিস। কাল তকে মজা দেখাবো। লিমনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন এই ব্যবসায়ী। এ ঘটনায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এদিকে বাজারে দোকান ঘরে প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও ৯নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ আলাউদ্দিন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু চন্দ্র রায় বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ যুবলীগের যুগ্ম আহবায়ক রাহেল চৌধুরী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, যুবলীগ নেতা ফজল চৌধুরী, সদর ইউপি যুবলীগ সভাপতি শেখ নুর উদ্দিন। খবর পেয়ে সরেজমিনে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশ। এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।