১০ :২৬ অপরাহ্ণ
কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২.০১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও এবং নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় রফিক, শফিক, জব্বারদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের ঋণ শোধ হওয়ার নয়। তিনি তরুণ প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে মনোযোগী হওয়ার কথা বলেন।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।