২:৫২ পূর্বাহ্ণ
নবীগঞ্জে জাহির আলী হত্যার রহস্য উদঘাটন
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকে খুন করলো ছেলে
নবীগঞ্জে বৃদ্ধ জাহির আলী হত্যার ৮ মাস পর তদন্তে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ বাবাকে খুন করেছে ছেলে ও তার স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনা স্বীকার করেছে।
২৪ এপ্রিল (শনিবার) পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় বিজনা নদীর লীজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ১০-১২টি মামলাও হয়।
এসব ঘটনার জের ধরে গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে, প্রতিপক্ষকে ফাঁসাতে জাহির আলীর ছেলে আরশ আলী ও তার আত্নীয়রা বিছানায় থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। পরে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
পরদিন, এ ঘটনায় নিহতের ছেলে আরশ আলী বাদি হয় প্রতিপক্ষের ৯২ জনকে আসামী করে মামলা দায়ের করে। ঘটনার তদন্ত চলাকালে, বাদিপক্ষের লোকজনের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে গত ২২ এপ্রিল বাদিপক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাবাদ বেড়িয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। এরপর, গত ২৩ এপ্রিল বাদি পক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করে পুলিশ।
(২৪ এপ্রিল) শনিবার তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতেই আরশ আলী আত্মীয়স্বজনদের সহায়তায় পিতা জাহির আলীকে হত্যা করে খুনের নাটক সাজিয়েছিলো। এ ঘটনায় ছেলেসহ বাকি ঘাতকরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার। বৃদ্ধ জাহির আলী হত্যার রহস্য উদঘাটন হওয়ায় মিথ্যা ও হয়রানী মূলক হত্যা মামলা থেকে ৯২ জন নির্দোষ ব্যাক্তি মুক্তি পাবে।