৫:২৬ অপরাহ্ণ
ধর্মপাশায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ দুজনের শরীরে করোনা শনাক্ত
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মী (২৩) ও একজন নারী (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকারকে এই খবরটি জানানো হয়েছে। এর আগে উপজেলায় মা ছেলেসহ তিনজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, গত সোমবার এ উপজেলায় ১৬জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সেখান থেকে টেলিফোনে জানানো হয়েছে, এই ১৬জনের মধ্যে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী ও অপরজন সদর ইউনিয়নের বাসিন্দা। এই দুজনের শরীরে কোনোরকম উপসর্গ না থাকায় করোনায় আক্রান্ত এই দুজনকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত পাঁচজন করোনারোগী শনাক্ত হয়েছে।যেহেতু রোগীর শরীরে শ্বাসকষ্টের মত কোন লক্ষণ দেখা যাচ্ছেনা তাই তাদেরকে নিজ বাসায় হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। আর যদি এরকম কোন লক্ষণ দেখাদেয় তাহলে আমরা রোগীদের কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসবো। এছাড়াও করোনায় আক্রান্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহায়তা করা হবে।