মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২৬
৬:১৬ অপরাহ্ণ

সড়কের পাশ থেকে সামাজিক বনায়নের ৯টি গাছ গেল দু'র্বৃ'ত্তদের বাড়িতে! জ'ব্দ করলো গিয়ে বন বিভাগ!

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে সামাজিক বনায়নের ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার নির্বাচনের দিন গভীর রাতে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কেটে নেওয়া গাছের খণ্ডাংশ গুলি উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না।

এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, “আমার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করেছে।

দ্রুত সময়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জনান তিনি।” কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ