শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
রাজেশ ভৌমিক, মৌলভীবাজার:
২৫ এপ্রিল ২০ ২৬
১২:০ ৮ পূর্বাহ্ণ

বৌভাতে বন্ধুর হাতে বন্ধুর জন্য অকটেন উপহার

দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের বাস্তবতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নবদম্পতিকে বৌভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। দেশের বিভিন্ন স্থানের মতো শ্রীমঙ্গলেও জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে।

পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এমন পরিস্থিতিতেই ব্যতিক্রমী উপহার দিয়ে আলোচনায় এসেছেন কয়েকজন বন্ধু।অভিনব এ আয়োজন ঘিরে অতিথিদের মাঝে সৃষ্টি হয় কৌতূহল, হাস্যরস ও আনন্দঘন পরিবেশ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরসুর এলাকায় বৌভাত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জানা যায়, গত মঙ্গলবার উত্তরসুর গ্রামের সুমন পালের সঙ্গে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের বিয়ে হয়। শুক্রবার ছিল তাদের বৌভাত অনুষ্ঠান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা যখন প্রচলিত উপহার নিয়ে আসছিলেন, তখন বরের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু প্লাস্টিকের তিনটি বোতলে ভরে ৫ লিটার অকটেন নবদম্পতির হাতে তুলে দেন। মুহূর্তেই বিষয়টি অনুষ্ঠানের মূল আকর্ষণে পরিণত হয়।

বরের বন্ধু রাজেশ ভৌমিক বলেন, বর্তমান পরিস্থিতিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। নবদম্পতিকে যেন এমন ভোগান্তিতে না পড়তে হয়, সেই ভাবনা থেকেই আমাদের এই ব্যতিক্রমী উপহার। বরের বন্ধু রুপন দাশ বলেন, নতুন জীবনের শুরুতেই বন্ধুকে একটু ভিন্নধর্মী ও প্রয়োজনীয় উপহার দিতে চেয়েছি। তাই প্রচলিত উপহারের বাইরে গিয়ে অকটেন উপহার দেওয়া হয়েছে। বর সুমন পাল বলেন,'বন্ধুদের এই উপহার আমার কাছে সত্যিই বিশেষ। আমার মোটরসাইকেল আছে, তেল সংগ্রহে যে ভোগান্তি হয় তা বলার মতো নয়। তারা আমার প্রয়োজনের কথা ভেবেই এটি দিয়েছে।' অভিনব উপহার পেয়ে নবদম্পতি আনন্দ প্রকাশ করেন।

একই সঙ্গে উপস্থিত অতিথিদের মাঝেও সৃষ্টি হয় ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, সময়ের বাস্তবতা ও বন্ধুত্বের মেলবন্ধনে এমন আয়োজন বিরল হলেও এটি সবার দৃষ্টি কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ