৬:৪৯ অপরাহ্ণ
রাসুলুল্লাহ (সা.) বিনয় ও কোমলতার বাস্তব প্রতিচ্ছবি ---মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
মৌলভীবাজারের রাজনগরে জামায়াতের সীরাত মাহফিল
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন বিনয় ও কোমলতার বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাসিমুখে কথা বলতেন। তাঁর মুচকি হাসি সাহাবায়ে কেরামের হৃদয়ে প্রশান্তি জাগাতো। তিনি আগে সালাম করতেন।
এমনকি ছোট শিশু-কিশোরদেরকেও তিনি সালাম জানাতেন। তাঁর ব্যবহারিক জীবন ছিলো স্বচ্ছ, সুন্দর ও অতুলনীয়। তিনি পরিবারের সদস্যসহ সবার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করেছেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শের উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তিনি মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মুন্সিবাজার ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন আয়োজিত পৃথক দু'টি সীরাতুন্নবী (সা.) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর মাওলানা জাকারিয়া আহমদের সভাপতিত্বে মুন্সিবাজারে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন মাওলানা আব্দুশ শহীদ ও মাওলানা হোসাইন আহমদ এবং ইউনিয়ন আমীর ডা. ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ফতেপুরের মোকামবাজারে আয়োজিত মাহফিলে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন মাওলানা শেখ আব্দুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ নুমানী। উভয় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মিসবাহুল হাসান।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং আপামরসাধারণ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার বিধানের বিপরীতে জীবনযাপনের সুযোগ নেই।
শতভাগ গোলামী ও আনুগত্যের নজরানা পেশ করতে হবে। রাসুলুল্লাহ (সা.) যা বলেছেন, করেছেন ও সম্মতি দিয়েছেন, তা গ্রহণ করতে হবে। নতুনত্ব তথা বিদয়াতমুক্ত আমলে অভ্যস্ত হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (সা.) প্রদর্শিত পথেই চলার গাইডলাইন দিয়ে থাকে। ইসলামের সৌন্দর্য ছাড়া আমাদের আর কোনো নীতি কিংবা আদর্শ নেই।