৯:০ ৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সেনগ্রামে প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
সিলেটের জালালপুর সেনগ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট, ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে লন্ডন প্রবাসী খালেদ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা ওই বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় হামলাকারীরা খালেদ আহমদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং তার পিতামাতা ও পরিবারের সদস্যদের এবং খালেদ দেশে আসলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, খালেদ আহমদ সাবেক যুবলীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য ছিলেন। ২০১৮ সালে তার ওপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় তিনি তৈয়বুর রহমান শাহীনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার জেরে ক্ষুব্ধ হয়ে জামায়াত নেতা তৈয়বুর রহমান শাহীনের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের প্রায় ৩০–৩৫ জন নেতাকর্মী এ হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। বর্তমানে খালেদ আহমদ স্ত্রীসহ লন্ডনে বসবাস করছেন।
স্থানীয়দের ধারণা, অতীতে তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আক্রোশ থেকেই এই হামলা চালানো হয়েছে। খালেদ আহমদের পরিবারের সঙ্গে কথা বললে তার বাবা ও ভাই জানান, খালেদের সঙ্গে তাদের বর্তমানে কোনো সম্পর্ক না থাকলেও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।