বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০ ২৬
রা
২৩ মার্চ ২০ ২৬
৭:২১ অপরাহ্ণ

ঈদে পর্যটন স্পটে পর্যটকদের খোঁজখবর নিলেন এমপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করে দেশ-বিদেশ থেকে আগত পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন।

রোববার দিনব্যাপী তিনি উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা, নিরাপত্তা ও সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা দর্শনার্থী ইতি বড়ুয়া বলেন, 'আমাদের দেশের কোনো এমপিকে এর আগে এভাবে সরাসরি পর্যটন স্পটে এসে দর্শনার্থীদের খোঁজখবর নিতে দেখিনি।

শ্রীমঙ্গলে এসে ভিন্ন অভিজ্ঞতা হলো। উনি নিজে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সত্যিই আনন্দিত ও উৎসাহিত হয়েছি।' একইভাবে কুমিল্লা থেকে আসা পর্যটক ইশরাত জাহান ইমা বলেন, 'আমরা প্রথমবারের মতো শ্রীমঙ্গল ভ্রমণে এসেছি। বধ্যভূমি পরিদর্শনের সময় হঠাৎ এমপি আমাদের সঙ্গে কথা বলেন, কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চান।

পরে আমরা পরিবারের সঙ্গে তাঁর সঙ্গে ছবি তুলি। এটি আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত।' মুজিবুর রহমান চৌধুরী বলেন, 'শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আমার নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভ্রমণে আসেন। তাই এলাকাবাসীর পাশাপাশি আগত দর্শনার্থীদের খোঁজখবর নেওয়াও আমার দায়িত্বের অংশ।' তিনি আরও জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে পর্যটকদের সহযোগিতা করছেন এবং বিভিন্ন স্থানে খাবার পানি বিতরণ করছেন। টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের এসআই বাসু কান্তি বলেন, 'শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন।' স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির এমন উদ্যোগ পর্যটকদের মধ্যে আস্থা ও স্বস্তি বাড়াবে এবং এলাকার পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে। এমপিকে কাছে পেয়ে পর্যটকরাও আনন্দ প্রকাশ করেন এবং তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ