৮:০ ০ পূর্বাহ্ণ
গ্রীসে দুর্বৃত্তের গুলিতে নিহত মমিন-শাহিনের বাড়িতে থামছেনা কান্নার রোল লাশের অপেক্ষায় পরিবার
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) :: গ্রীসে দুর্বৃত্তের গুলিতে নিহত হবিগঞ্জের নবীগঞ্জের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল মমিন ও নুর হোসেনের পুত্র শাহীনের গ্রামের বাড়িতে এখনও চলছে শোকের মাতম থামছে না কান্না। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ। এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন এলাকাবাসীও। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। হত্যাকান্ডের খবর পাওয়ার পর থেকেই নিহতদের বাড়ির সদস্য ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। দুই রেমিটেন্স যোদ্ধার পরিবারের লোকজন অশ্রুশিক্ত নয়নে অপেক্ষা করছেন কখন বাড়ি ফিরবে তাদের প্রিয়জনের লাশ। সরকারের কাছে তাদের একমাত্র চাওয়া দ্রুত যেন তাদের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে তাদের স্বজনদের সাথে কথা হলে স্বজনরা এ প্রতিবেদককে বলেন, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় ১৪ বছর আগে ইউরোপের দেশ গ্রীসে যান নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুল মমিন। একই আশায় মাত্র ২ বছর আগে গ্রীসে যান একই গ্রামের শাহীন মিয়া। সেখানে একটি কন্টেইনার কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন তারা দুজন। গত মঙ্গলবার রাতে হঠাৎ করে একদল দুর্বৃত্ত দুটি কন্টেইনারে ডাকাতির চেষ্টা চালায়। এতে বাধা দিলে মমিন ও শাহীনকে গুলি করে হত্যা করে তারা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলন, লাশ দেশে ফেরাতে সবধরনের সহায়তা করা হবে।