৫:০ ৪ অপরাহ্ণ
কমলগঞ্জে নাচে-গানে খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’
নাচ গানসহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া (খাসি) সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ ।
শনিবার সকালে উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জি মাঠে এ উৎসবের আয়োজন করে খাসি সোশ্যাল কাউন্সিল। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার খাসিয়া জনগোষ্ঠীর তরুণ-তরুণীসহ খাসি সম্প্রদায়ের লোকজন এসে অংশ নেন অনুষ্ঠানে। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী এবার ১২৫তম বর্ষকে বিদায় ও ১২৬তম বর্ষকে বরণ করে নিল খাসিয়া জনগোষ্ঠী।
ব্রিটিশ শাসনামল থেকে ২৩ নভেম্বর খাসি বর্ষবিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয়। দিনটি খাসিয়া সম্প্রদায়ের জন্য খুবই আনন্দের। অনুষ্ঠান দেখতে জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাসহ দেশ বিদেশ থেকে অনেক অতিথি ও পর্যটকরা আসেন ‘খাসি সেং কুটস্নেম অনুষ্ঠানে। অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, খাসিয়াপুঞ্জি মাঠের মাঝখানে একটি বড় বাঁশ পোতা। সেই বাঁশে দড়ি ও কাগজের টুকরা লাগিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। মাঠের চারপাশে বাঁশ, তালপাতা, খেজুর পাতা ইত্যাদি দিয়ে সাজানো ছোট ছোট দোকান।
মাঠের এক পাশে তৈলাক্ত বাঁশের খুঁটির ঠিক ওপরে রাখা হয়েছে একটি মুঠোফোন। নিচ থেকে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে ওপরে উঠে ফোনটি জিতে নেন। আরেক পাশে তির–ধনুক নিয়ে লক্ষ্য স্থির করে তির ছুড়ছেন কয়েকজন তরুণ। কেউ আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছেন।
নারীরা এসব প্রতিযোগিতায় নেই। তাঁরা ব্যস্ত পান গুছানোর প্রতিযোগিতায়। মাঠের মধ্যে রাখা পানগুলো কার থেকে কে কত কম সময়ে গোছাতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। খাসিয়া জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের সর্বজনীন একটি উৎসব। প্রতিবছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়। এ দিন বর্ষবিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা।