৭:৫০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব: ঐতিহ্য পুনরুদ্ধারে কাজের আহ্বান হেলাল খানের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত সাত দিনব্যাপী বৈশাখী উৎসবে অংশ নিয়ে জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান বলেছেন, দেশের হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এ লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করেছে। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গল শিশু উদ্যানে জাসাসের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক মশিউর রহমান রিপন। এতে জাসাস কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। হেলাল খান বলেন, দীর্ঘদিন পর সারাদেশে স্বাধীনভাবে বর্ষবরণ আয়োজন করতে পারছে জাসাস। শ্রীমঙ্গলের এ আয়োজন ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে মানুষের অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে পূজা, ঈদসহ সব ধরনের সাংস্কৃতিক উৎসব উদযাপনের আহ্বান জানান।
তিনি জানান, দেশের মানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি—যেমন সিনেমা, যাত্রা, নাটক ও গান—পুনরুজ্জীবিত করতে জাসাস কাজ করছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমও চালানো হচ্ছে। আলোচনা সভা শেষে উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব শ্যামল আচার্যের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন ঢাকার শিল্পী মৌসুমী রহমান, উপমা তালুকদার এবং স্থানীয় শিল্পী মৌ দাশগুপ্তা ও তারেক ইকবাল চৌধুরীসহ অন্যান্যরা।
এ সময় ‘অনুভবে বৈশাখ’ শিরোনামে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেন হেলাল খান। এর আগে উৎসব উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধী শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ স্থানীয় নেতারা। সাত দিনব্যাপী এ বৈশাখী উৎসবে শ্রীমঙ্গলের প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। আগামী ২০ এপ্রিল সমাপনী দিনে পরিবেশনা করবেন লালনশিল্পী ডলি মন্ডল।