৭:৫২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে জাসাসের আয়োজনে বর্ষবরণ প্রস্তুতি শেষ পর্যায়ে, শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘বর্ষবরণ’ অনুষ্ঠান ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা সম্মিলিতভাবে মহড়ায় অংশ নিচ্ছেন। সুর, তাল ও ছন্দের অপূর্ব সমন্বয়ে তারা আসন্ন আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
পুরো আয়োজনকে ঘিরে শিল্পী, আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শিশু উদ্যান মাঠে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে এ উৎসব। এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসংগীত,নাটক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার নানা আয়োজন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগেও বর্ষবরণ অনুষ্ঠান, শোভাযাত্রা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাসাস শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমান লিংকন বলেন, 'জাসাসের উদ্যোগে প্রথমবারের মতো শ্রীমঙ্গল শিশু উদ্যানে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা এতে অংশ নেবেন।
গত তিন দিন ধরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মহড়া চলছে। আমরা সকলকে এই উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।' সঙ্গীত শিক্ষক শ্যামল আচার্য্য বলেন, 'নতুন বছরকে বরণ করে নিতে এবং সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবকে সফল করতে শ্রীমঙ্গলের সকল সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে কাজ করছে।
পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতি হিসেবে এই মহড়া চলছে।' মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা মশিউর রহমান রিপন জানান, 'দীর্ঘদিন পর জাসাসের আয়োজনে এত বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি স্থানীয় ২৭-২৮টি সংগঠনের শিল্পী ও প্রতিযোগীরা অংশ নেবেন।
ইতোমধ্যেই শ্রীমঙ্গলে উৎসবের আমেজ তৈরি হয়েছে।' আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দঘন পরিবেশ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সফল আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।