৪:২৩ অপরাহ্ণ
বন্ধুদের ছেড়ে ট্রেনের ছাদে উঠে পাহাড় দেখতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃ'ত্যু!
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। প্রাথমিকভাবে পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাড়ে ১২ টার দিকে এ এলাকার রেল সেতুর নিচের গাইড ওয়ালের ঝোঁপ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
পরবর্তীতে পুলিশের তদন্তে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে জুবায়ের আহমেদ (২০)।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, দুপুর ১২ টায় রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের মরদেহ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ, বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আন্তঃনগর পারাবত ট্রেনে কমলগঞ্জে ফেরার পথে অন্যবন্ধুরা ট্রেনে ভেতরে গেলেও জুবায়ের ট্রেনে ছাদে উঠে যায়।
কমলগঞ্জের লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সঙ্গে বাড়ি লেগে সে নিচে পড়ে সেতুর গাইড ওয়ালে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’