১১:১৬ অপরাহ্ণ
৩০০ টাকা মজুরির দাবীতে ২য় দিন
কমলগঞ্জের ২২টি চা বাগানে ২ ঘন্টার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
মৌলভীবাজ্র জেলার কমলগঞ্জ উপজেলায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩শ টাকায় উন্নীত করার দাবিতে গত মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১টা ২২টি চা বাগানে কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় ও বিভিন্ন ভ্যালীর যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচী ঘোষণার অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার ২২টি চা বাগানে বুধবার (১০ আগস্ট) ২য় দিনের মতো সকাল ৯টা থেকে কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
এসব চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান না করে সকালে প্রতিটি চা বাগানের কারখানার সামনে অবস্থান করে কর্মবিরতি পালনসহ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর ও মাধবপুর চা বাগানে কারখানার সামনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর স্থানীয় বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মবিরতি চলছে।
এসব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন চা শ্রমিক নেতা ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, ইউপি সদস্য সাবিদ আলী, মাধবপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি বাবুল আহমদ, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি উমা শংকর গোয়ালা, সাধারণ সম্পাদক অযোধ্যা প্রসাদ কৈরী, নারীনেত্রী আরতী পাশি, আদরী বাক্তি, সুলতান মিয়া, শ্রীগোবিন্দপুর বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক, চা শ্রমিক নেতা সুমন পাইনকা প্রমুখ।
বিভিন্ন প্রতিবাদ সভায় চা শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দেশ-বিদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিবেচনা করে নুন্যতম মানবাধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার দিতে হবে। চা শ্রমিকের হাজিরা ১২০ টাকা থেকে ৩শ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে মাত্র ১৪ টাকা বর্ধিত করার প্রস্তাব দিয়েছে।
১৪ টাকা বৃদ্ধি হলে একজন শ্রমিকের মজুরী হবে ১৩৪ টাকা। এই ১৩৪ টাকা দিয়ে কিভাবে একজন শ্রমিকের জীবন চলবে ? সারাদিন পরিশ্রম করে এক লিটার পেট্রোলের দামও হবে না। বক্তারা বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ঘোষিত কর্মবিরতির পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে।