৭:৫৬ অপরাহ্ণ
কমলগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের মতবিনিময়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দীপ তালুকদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ তালুকদার উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার যেকোনো সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় স্থানীয় সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। নবাগত ইউএনও অত্যন্ত আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরসহ ও বিভিন্ন দপ্তরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।