৯:৩৬ অপরাহ্ণ
পরিমাপে কারচুপ, নেই লাইসেন্স নবায়ন নবীগঞ্জে ৩টি পেট্রোল পাম্পকে জরিমানা
পরিমাপে কম দেয়া ও স্টোরেজ ট্যাংক এর লাইসেন্স নবায়ন না থাকায় নবীগঞ্জে রশিদ ফিলিং স্টেশন, নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশনকে মোবাইল কোর্টে মোট ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এছাড়াও রশিদ ফিলিং স্টেশনকে দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, এক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন।
গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। সূত্রে জানা যায়- গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নে অবস্থিত ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ডিজেল, অকটেন প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম দেয়ায় 'ওজন ও মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬, ৪৮ ধারা মোতাবেক রশিদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্টোরেজ ট্যাংক এর লাইসেন্স নবায়ন না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা করে মোট ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রসিকিসন দাখিল করেন বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা এবং এএসআই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। মোবাইল কোর্টে রশিদ ফিলিং স্টেশনের বেশ কিছু কারিগরি ত্রুটি ধরা পড়ে। দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়, এক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন।