৭:৫০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে এতিম শিশুদের জন্য ১৪ কোটি টাকার দুটি ভবনের নির্মাণকাজ উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতিম শিশুদের আবাসন ও প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বাড়াতে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৫ তলা ডরমিটরি ও ৪ তলা প্রশিক্ষণ ভবনের নির্মাণকাজ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার দুপুরে শ্রীমঙ্গল শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুর রকিব এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভূমিকম্পে শ্রীমঙ্গল শিশু পরিবারের পুরনো ৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি পরবর্তীতে ভেঙে ফেলা হয়।
এর প্রেক্ষিতে সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৫ তলা ডরমিটরি ভবন ও ৪ তলা প্রশিক্ষণ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, 'আমাদের নিজস্ব বাড়িঘর থাকলেও এই এতিম শিশুদের আশ্রয়স্থল ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিত্যক্ত হয়ে পড়ে।
বর্তমানে তারা বিকল্প ব্যবস্থায় রয়েছে। তাই তাদের জন্য স্থায়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি।' তিনি আরও বলেন, সরকার এতিম শিশুদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এতিম শিশুদের কল্যাণ ও নির্মাণকাজের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।