৩:১৮ অপরাহ্ণ
ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্ট:: সিলেট মহানগরীর লামাপাড়া এলাকায় যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশের একটি দল।
এ সময় মহানগর যুবদলের ২১নং ওয়ার্ড কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ছালেহ আহমদ (৩৭) কে আটক করা হয়। সে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী এলাকার ভাটিরফৌদ গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) মো. জেদান আল মূসা।
তিনি জানান, গতকাল সোমবার (১৩ আগস্ট) ডিবি পুলিশের একটি টিম ছালেহ আহমদ নামে একজনকে দুইহাজার পিস ইয়াবাসহ আটক করেছে। আজ মঙ্গলবার (১৪ আগস্ট) তাকে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়। পরে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তবে, যুবদল নেতা ছালেহ আহমদের চাচাতো ভাই হুমায়ুন আহমদ বিষয়টিকে পরিকল্পিত দাবি করে বলেছেন, মূলত, তার ভাই বিরোধীদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাকে বিভিন্নভাবে ফাঁসানোর পরিকল্পনা করছিলেন।
তিনি বলেন, গত ১১ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিবুর রহমান রিজভীর অনুসারী রায়হান ও মাহতাব আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছালেহ গুরুতর আহত হন।