২:৩৪ পূর্বাহ্ণ
ওসমানীনগরে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৮
শাহীন চৌধুরী, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ছুলফির আঘাতে শিপন মিয়া নামের যুবক খুন হবার ঘটনায় ঈশাগ্রাই গ্রামের মৃত দরছ উল্যার ছেলে ইউপি সদস্য ধন মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ধন মেম্বারসহ ২৭জনকে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা (মামলা নং-০২) দায়ের করেন। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ঈশাগ্রাই গ্রামের মৃত রহিম উল্ল্যার ছেলে আলা মিয়া(৬০), একই গ্রামের মৃত তার ভাই আব্দুল হেকিম(৭৫), মৃত বাদশা মিয়ার ছেলে শফিক মিয়া(৫০), শফিক মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম(১৮), আব্দুল শহিদ(২৫), মৃত গেদা মিয়ার ছেলে ফারুক মিয়া(৩৫) এবং উমরপুর ইউপির লামা ইসবপুর গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে জুবায়ের আহমদ।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, ঈশাগ্রাই গ্রামে শিপন হত্যার ঘটনায় তার ভাই রিপন মিয়া বাদি হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলায় গ্রেফতার হওয়া ৮ আসামিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন মেম্বারসহ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।