১:৩৮ অপরাহ্ণ
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে ---ড. নূরুল ইসলাম বাবুল
শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করতে হবে।
নবীজি (সা.) শুধু ইবাদতের শিক্ষা দেননি; মানুষের অধিকার রক্ষা, আমানতদারি, ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনের দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে মূল্যবোধের অবক্ষয়, অন্যায়-অনিয়ম ও পারস্পরিক অবিশ্বাস বাড়ছে। এ অবস্থায় মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করতে হবে।
পরিবার থেকেই এসব মূল্যবোধের চর্চা শুরু করতে হবে। বিশেষ করে তরুণদের নৈতিক চরিত্র গঠন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য সিরাত অধ্যয়ন ও অনুশীলনে মনোযোগী হতে হবে। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর শেখঘাট জামে মসজিদ সংলগ্ন পয়েন্টে সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাহফিলে প্রধান আলোচক আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতী আলী হাসান উসামা। তিনি বলেন, মহানবী (সা.)-এর সিরাত শুধু পাঠ বা আলোচনা করার বিষয় নয়; তা জীবনে বাস্তবায়নের বিষয়। মানুষের সঙ্গে আচরণ, পরিবার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, প্রতিবেশীর অধিকার এবং সামাজিক দায়িত্ব পালনে নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মাহফিলের পৃথক দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজসেবী ও কাউন্সিলার প্রার্থী আব্দুল কাদির এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম। আলোচনা পেশ করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ।
জামায়াত নেতা ফয়েজুল ইসলাম ও কবির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী, লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারী আবু তাহের ফাহিম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা আজিজুল ইসলাম, নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, শ্রমিক নেতা আক্কাস আলী, ১০নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল হাকীম, জামায়াত নেতা মু. ফখর উদ্দিন, মেহেদী হাসান, সালেহ আহমদ, বেলাল হোসেন, আব্দুল মালিক, জুনেদ আহমদ, শামীম আহমদ, বাদশাহ মিয়া, মোশাররফ আমিন ফয়েজ, রাসেল আহমদ পাপলু ও রায়হান আহমদ প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী হেলাল আহমদ ও তাওহীদ আহমদ। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।