বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০ ২৬
৫:৫৯ অপরাহ্ণ

ভাটার আফসা হক ডেইরী ফার্ম পেল জাতীয় স্বর্ণপদক
মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে সফল খামারি আরিফুল হক চৌধুরী

​সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের শ্যামলনগর ভাটা (লাখাউরা) এলাকায় গড়ে উঠেছে এক অনন্য কৃষি উদ্যোগ-‘আফসা হক ডেইরী ফার্ম’। প্রায় ৩০ বছর আগে হাতেগোনা কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু করা এই খামারটি আজ দেশের প্রাণিসম্পদ খাতে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খামারটির স্বত্বাধিকারী প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার স্বীকৃতিস্বরূপ আজ বৃহস্পতিবার অর্জন করেছেন ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ (স্বর্ণপদক)। তিন দশক আগে শ্যামলনগর ভাটা এলাকায় অত্যন্ত ছোট পরিসরে যে খামারের গোড়াপত্তন হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ বিশাল এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

বর্তমানে ‘আফসা হক ডেইরী ফার্ম’-এ দেড় শতাধিক বিভিন্ন উন্নত জাতের গরুসহ মহিষ, ছাগল ও ভেড়া লালন-পালন করা হচ্ছে। খামারটি থেকে প্রতিদিন প্রায় ৬০০ লিটার খাঁটি দুধ উৎপাদিত হয়, যা স্থানীয় ও আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করছে। দুধের পাশাপাশি প্রতি বছর উন্নত জাতের গরু বিক্রি ও কুরবানির ঈদে ন্যায্য মূল্যে পশু সরবরাহের মাধ্যমে খামারটি অর্থনৈতিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি স্থানীয় ক্রেতাদেরও আস্থা অর্জন করেছে।

দেশের অধিকাংশ খামারে গবাদিপশু পালনে যেখানে বাণিজ্যিক বা কৃত্রিম ফিডের ওপর নির্ভরতা বেশি, সেখানে আফসা হক ডেইরী ফার্ম হেঁটেছে ভিন্ন পথে। খামারের পশুগুলোর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখানে নিজস্ব উদ্যোগে উন্নত মানের ঘাস চাষ করা হয়। গবাদিপশুর খামার পরিচালনা ও দুগ্ধ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর ‘আফসা হক ডেইরী ফার্মকে জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত করেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুল হক চৌধুরী কেবল ব্যক্তিগত সাফল্যের কথা বলেননি; বরং দেশের প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের বাস্তব সংকট ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর জোর আহ্বান জানান। ​মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং একজন খামারি হিসেবে মাটির কাছাকাছি থেকে কৃষি অর্থনীতিতে অবদান রাখা-এই দুই পরিচয়ের সমন্বয় আরিফুল হক চৌধুরীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

একই দিন নগরীর মাদ্রাসা মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আফসা হক ডেইরি ফার্ম প্রথম স্থান অধিকার করেছে। সিলেটের শ্যামলনগর ভাটায় গড়ে ওঠা এই খামারের জাতীয় স্বীকৃতি স্থানীয় তরুণ ও কৃষি উদ্যোক্তাদের মাঝে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে অনেকেই মনে করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ