১:১৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জে সরকারি রাস্তা দখলের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি রাস্তার বাড়ীর সম্মুখের অংশ দখলের অভিযোগ পাওয়া গেছে। রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দখলকৃত সরকারি রাস্তা মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর ভরতপুর গ্রামের ।
ভরতপুর গ্রামের মোঃ রফিক মিয়া জানান, কৃষ্ণপুর মৌজার ভরতপুর গ্রামের মধ্যদিয়ে সরকারি রাস্তা দিয়ে গ্রামবাসীরা র্দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছেন। সম্প্রতি একই গ্রামের কমরু মিয়া তার বাড়ির সম্মুখ দিয়ে বয়ে যাওয়া ১৮ ফুট প্রস্থের রাস্তাটির অধিকাংশ ভূমি দখলে নিয়ে চাষাবাদ ও বৃক্ষ রোপন করে দখলে নেয়ার চেষ্টা করছেন। এছাড়া রাস্তার পাশে থাকা সরকারি দু’টি গাছও কেটে নিয়েছে। রাস্তার জমি দখলে নিয়ে চাষাবাদ ও গাছ রোপন করায় কারনে রাস্তাটির প্রস্থতা কমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাস্তার জায়গা দখল নিয়ে চাষাবাদ ও গাছ লাগাতে এলাকাবাসী আপত্তি জানালেও কোন কর্ণপাত করছেন না। উপরন্ত হুমকি প্রদান করছেন। ফলে সরকারি রাস্তাটি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারের জন্য গত ২২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করেন মোঃ রফিক মিয়া। অভিযোগ বিষয়ে কমরু মিয়া বলেন, রাস্তা দখল করার অভিযোগ ঠিক নয়। অভিযোগকারীরাই রাস্তার অংশ কেটে তাদের নিজের জমির সাথে ভরাট করে কলমি গাছ রোপন করে নিচ্ছেন। তাতে বাঁধা দিলেই বাড়িতে এসে হামলার চেষ্টা করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন জানান, তদন্তক্রমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।