৭:৩০ অপরাহ্ণ
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। অনুষ্ঠানে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং রাইজিং সান সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, “সমবায় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অনস্বীকার্য।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন মিয়া, এলজিডি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান এবং সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক, ডা. হাবিবুল্লাহ মিসবাহ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, হাফিজ আব্দুল হালিম, সাবেক মেম্বার তজমুল আলীসহ উপজেলার বিভিন্ন সমবায়ী নারী ও পুরুষ নেতৃবৃন্দ। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায়ী সদস্য ও কর্মকর্তারা অংশ নিয়ে সমবায় আন্দোলনের সাফল্য কামনা করেন।