৮:০ ৮ অপরাহ্ণ
জকিগঞ্জ উপজেলা নির্বাচনে জামানত হারালেন ২ জাপা নেতা!
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় চেয়ারম্যান পদে জামানত হারালেন দুই জাপা নেতা।
তারা হলেন- মোটরসাইকেল প্রতীকের আব্দুস শুক্কুর ও আনারস প্রতীকের মর্তুজা আহমদ চৌধুরী। নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়।
আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
গত ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলায় চার প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। নির্বাচনে ৭৭টি কেন্দ্রে ৬০ হাজার ৪৯৪ জন ভোট দেন। ভোটের হার ছিল ৩১ দশমিক ৫৯।
প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ৯ হাজার ৭৪ ভোট। অথচ আব্দুস শুক্কুর মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪ হাজার ১৮৮ ভোট। আরেক প্রার্থী মর্তুজা আহমদ চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৯০ ভোট।