৮:৫৭ অপরাহ্ণ
জকিগঞ্জে ইমাম পরিচয়ে সরকারি ভাতার আবেদন, পদ হারালেন খেলাফত মজলিসের সেক্রেটারি
সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেও নিজেকে ইমাম পরিচয় দিয়ে সরকারি ইমাম ভাতার আবেদন করার অভিযোগ উঠেছে মাওলানা জুবায়ের আহমদের বিরুদ্ধে।
এ ঘটনায় মসজিদের অর্ধশতাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে বিতর্কের মধ্যে তাঁকে দলীয় সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে খেলাফত মজলিস। তবে এখনো মসজিদের কালেক্টর পদে বহাল রয়েছেন তিনি।
খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইনের স্বাক্ষরিত ১২ নভেম্বরের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মাওলানা জুবায়ের আহমদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ওঠায় সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি ও আদর্শিক ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অভিযোগ তদন্তাধীন থাকায় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁকে জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ ঘিরে বিতর্ক কেবল সরকারি ইমাম ভাতার আবেদনেই সীমাবদ্ধ নয়। প্রায় ২৮ বছর ধরে দায়িত্ব পালন করা এক ইমাম ও খতিবের সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ২০১৭ সালে সানি ইমাম নিয়োগের পরীক্ষায় প্রথম হয়েও একজন প্রার্থীর নিয়োগ না পাওয়া এবং অস্থায়ীভাবে দায়িত্ব পাওয়া আরেকজনের দীর্ঘদিন পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। মসজিদের হুজরা বরাদ্দ, রমজানে ইফতারের ব্যবস্থা এবং নিয়োগ ও দায়িত্ব বণ্টনে মাসলাকি ও রাজনৈতিক পরিচয়ের প্রভাবের অভিযোগও সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা জুবায়ের আহমদ জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগকারীদের দাবি, কালেক্টর হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ না করে নিজেকে মসজিদের ইমাম পরিচয় দিয়ে সরকারি ইমাম ভাতার আবেদন করেন তিনি। ওই আবেদনে সুপারিশ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নান।
পরে তিনি জানিয়েছেন, কাগজপত্র না পড়ে সরল বিশ্বাসে এবং বিষয়টি না জেনেই স্বাক্ষর করেছিলেন। তবে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি বলেছেন, মাওলানা জুবায়ের আহমদ কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও মাঝেমধ্যে নামাজ পড়ান।
এ বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মুসল্লিরা। তাঁদের প্রশ্ন, মাঝেমধ্যে নামাজ পড়ালেই কাউকে মসজিদের ইমাম হিসেবে গণ্য করা যায় কি না। তাঁদের মতে, প্রয়োজনে যেকোনো মুসল্লি জামাতে ইমামতি করতে পারেন।
কিন্তু সে কারণে তাঁকে নিয়মিত বা নিয়োগপ্রাপ্ত ইমাম হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ নেই। মুসল্লিদের অনেকের দাবি, মাওলানা জুবায়ের আহমদকে তাঁরা কখনো নামাজ পড়াতে, এমনকি আজান দিতেও দেখেননি। ফলে তিনি কোন দায়িত্ব ও পরিচয়ের ভিত্তিতে সরকারি ইমাম ভাতার আবেদন করেছেন, তা নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে জকিগঞ্জ বাজারের অর্ধশতাধিক মুসল্লি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের মতে, বিষয়টি শুধু একজন ব্যক্তির সরকারি ভাতার আবেদন নয়; বরং মসজিদে দায়িত্ব পালনকারীদের প্রকৃত পরিচয়, নিয়োগের বৈধতা এবং সরকারি সুবিধা বণ্টনের স্বচ্ছতার সঙ্গে সম্পর্কিত। মসজিদের সানি ইমাম নিয়োগের একটি পুরোনো ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালে সানি ইমাম নিয়োগের উদ্যোগ নেওয়া হলে দুই মাসলাকের দুই প্রার্থীকে নিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। তাঁদের মধ্যে ফুলতলী মাসলাকের হাফিজ মাওলানা আলী হোসেন প্রথম এবং কওমি মাসলাকের হাফিজ নূরুল ইসলাম দ্বিতীয় হন বলে দাবি করা হচ্ছে।
নিয়োগপ্রক্রিয়ার একপর্যায়ে হাফিজ মাওলানা আলী হোসেন মসজিদে এক ওয়াক্ত নামাজও পড়ান। পরে তাঁকে জানানো হয়, আপাতত সানি ইমাম নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। কিন্তু কিছুদিন পর দেখা যায়, হাফিজ নূরুল ইসলাম সানি ইমাম হিসেবে নামাজ পড়াচ্ছেন।
তখন তাঁকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। কিন্তু সেই অস্থায়ী দায়িত্ব কীভাবে দীর্ঘমেয়াদি দায়িত্বে পরিণত হলো, পরীক্ষার ফলাফল ও পরবর্তী সিদ্ধান্তের মধ্যে কেন পরিবর্তন এল, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, অস্থায়ীভাবে দায়িত্ব পাওয়া হাফিজ নূরুল ইসলামও মসজিদের ইমাম পরিচয়ে সরকারি ভাতার আবেদন করেছেন। মসজিদ পরিচালনা কমিটি তাঁকে ২০১৭ সাল থেকে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রত্যয়ন দিয়েছে। এ ক্ষেত্রে নিয়োগের প্রকৃত অবস্থা ও প্রত্যয়নের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহেল আহমদ বলেন, ২০১৬-১৭ সালের দিকে তিনি জকিগঞ্জ বাজারে ব্যবসা করতেন। তখন মসজিদের প্রধান দুই ইমাম ও খতিব মুশাহিদ আহমদ কামালী ও মুফতি আবুল হাসান বিভিন্ন ওয়াজ মাহফিলে থাকার কারণে নামাজের সময় অন্যরা ইমামতি করতেন। এ অবস্থায় মসজিদ কমিটির পক্ষ থেকে সানি ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সুহেল আহমদ বলেন, ব্যবসায়ী ভাইদের সঙ্গে পরামর্শ করে তাঁরা হাফিজ মাওলানা আলী হোসেনকে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে নিয়ে যান। সেদিন হাফিজ নূরুল ইসলামও উপস্থিত ছিলেন। তবে নিয়োগ বোর্ড সেদিন আসেনি। পরে তাঁকে জানানো হয়, মসজিদ কমিটি অস্থায়ীভাবে হাফিজ নূরুল ইসলামকে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছে।
পরবর্তী সময়ে নিয়োগের মাধ্যমে দুজন সানি ইমাম রাখা হবে। সুহেল আহমদ বলেন, ‘যেহেতু অস্থায়ী নিয়োগ বলা হয়েছিল, আর এটি আল্লাহর ঘর মসজিদ, তাই আমরা আর কিছু না বলে নীরব ছিলাম। আজকের সংবাদ দেখে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলাম। আল্লাহর ঘর মসজিদ নিয়ে রাজনীতি করা ঠিক নয়। যেহেতু এই মসজিদ সব ঘরানার মানুষের কেন্দ্রীয় জামে মসজিদ, তাই সবাইকে সমান চোখে দেখা আবশ্যক।’ হাফিজ মাওলানা আলী হোসেন বলেন, ‘নামাজ পড়িয়েছি, সবার পছন্দও হয়েছিল। পরে কাগজপত্র চাওয়া হলে জমা দিয়েছি। পরীক্ষায় প্রথম হয়েছিলাম। তখন কমিটিতে নির্বাচন হয়। সেখানে আমি পাঁচটি ভোট পাই, আর তাঁরা পান চারটি। সবকিছু যখন এগোচ্ছিল, তখন নিয়োগ স্থগিত করে দেওয়া হয়। পরে শুনতে পাই, তাঁকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। আজও তিনিই ইমামের দায়িত্ব পালন করছেন।’ তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়োগপ্রক্রিয়ার একটি পর্যায়ে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে নিয়োগ স্থগিত করে অন্য একজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়। সেই সিদ্ধান্তের লিখিত ভিত্তি, নিয়োগ বোর্ডের কার্যবিবরণী এবং পরবর্তী নিয়োগসংক্রান্ত নথি প্রকাশ করা হলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। মসজিদের ফুলতলী মাসলাকের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ১৯৯৮ সালের ১০ অক্টোবর থেকে তিনি জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। বয়স, যোগ্যতা ও দায়িত্ব পালনের সময় বিবেচনায় তিনি জ্যেষ্ঠ হলেও বিভিন্ন ক্ষেত্রে তাঁকে উপেক্ষা করা হয়েছে। মাওলানা মুশাহিদ আহমদ কামালীর অভিযোগ, মসজিদে মুফতি আবুল হাসানের জন্য হুজরা বরাদ্দ করা হলেও তাঁকে প্রথমে কোনো হুজরা দেওয়া হয়নি। পরে মুসল্লিদের চাপে একটি হুজরা দেওয়া হয়। কিন্তু মসজিদের পুনর্নির্মাণকাজ শুরু হলে সেটি ভেঙে ফেলা হয়। পরবর্তী সময়ে মুফতি আবুল হাসান আবারও হুজরা পেলেও তাঁকে আর হুজরা দেওয়া হয়নি। তিনি জানান, এ বিষয়ে এক মুসল্লি তাঁর হুজরা না পাওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, মুফতি আবুল হাসান নাকি হুজরাটি ভাড়া নিয়েছেন। ইফতার আয়োজনেও বৈষম্যের অভিযোগ করেছেন তিনি। তাঁর ভাষ্য, প্রতি রমজানে মুফতি আবুল হাসানের জন্য মসজিদে ইফতারের ব্যবস্থা করা হলেও তাঁর জন্য এমন কোনো ব্যবস্থা রাখা হতো না। ব্যক্তিগত উদ্যোগে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত এম এ আজিজ মিয়া পাশের নিজের দোকানে তাঁকে ইফতার করাতেন। মাওলানা মুশাহিদ আহমদ কামালীর অভিযোগ, একই মসজিদে দুই ইমাম ও খতিবের জন্য সুযোগ-সুবিধা বণ্টনে এমন পার্থক্য দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে তিনি প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন। তবে হুজরা বরাদ্দ, ইফতার আয়োজন এবং এ-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে পরিচালনা কমিটির লিখিত নীতিমালা বা ব্যাখ্যা পাওয়া যায়নি। জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন মতাদর্শ ও মাসলাকের মুসল্লিরা নামাজ আদায় করেন। দীর্ঘদিন ধরে ফুলতলী ও কওমি ধারার আলেমেরা এখানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নিয়োগ, দায়িত্ব বণ্টন ও সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সব পক্ষকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন মুসল্লি। তাঁদের অভিযোগ, মসজিদ পরিচালনায় কওমি ও খেলাফত মজলিস-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাধান্য রয়েছে। বিশেষ করে নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতার পাশাপাশি তাঁর মাসলাকি ও রাজনৈতিক পরিচয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে তাঁদের সন্দেহ। মসজিদের কওমি ধারার ইমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হাসান বর্তমানে সংসদ সদস্য এবং কেন্দ্রীয় খেলাফত মজলিসের নেতা। অন্যদিকে ফুলতলী ধারার ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। স্থানীয় মুসল্লিদের একাংশের বক্তব্য, কেন্দ্রীয় জামে মসজিদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মাসলাকের প্রতিষ্ঠান নয়। এখানে সব মতাদর্শের মানুষের অংশগ্রহণ রয়েছে। তাই নিয়োগ, দায়িত্ব বণ্টন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্বের ধরনকে গুরুত্ব দেওয়া উচিত। বর্তমানে মসজিদে ফুলতলী মাসলাকের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুশাহিদ আহমদ কামালী দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মুফতি আবুল হাসান, সানি ইমাম হাফিজ নূরুল ইসলাম, মুয়াজ্জিন বাবুল ও খাদিম আব্দুন নূর কওমি মাসলাকের বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মুসল্লিদের একাংশের দাবি, পরিচালনা কমিটিতেও কওমি ধারার ব্যক্তিদের প্রাধান্য রয়েছে। মসজিদের বিভিন্ন অভিযোগের বিষয়ে পরিচালনা কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুসল্লিরা। তাঁদের বক্তব্য, সরকারি ইমাম ভাতার আবেদন নিয়ে বিতর্ক, সানি ইমাম নিয়োগের পুরোনো ঘটনা এবং দুই ইমামের সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ সামনে আসার পরও কমিটির পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে মসজিদের কর্মচারী হিসেবে কালেক্টরের দায়িত্ব পালনকারী একজন ব্যক্তি ইমাম পরিচয়ে সরকারি ভাতার আবেদন করলে তাঁর দায়িত্ব ও পরিচয় যাচাই করার কথা ছিল পরিচালনা কমিটির। একইভাবে কোনো প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার পর দীর্ঘদিন দায়িত্বে বহাল রাখার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত ও নিয়োগসংক্রান্ত নথি থাকা প্রয়োজন। মুসল্লিদের প্রশ্ন, এসব সিদ্ধান্ত কি নিয়মিত সভায় নেওয়া হয়েছে? সভার কার্যবিবরণী কোথায়? নিয়োগের ক্ষেত্রে কী যোগ্যতা ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে? সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো নীতিমালা রয়েছে কি না? তাঁদের দাবি, মসজিদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, নিয়োগপ্রক্রিয়া, সরকারি ভাতার আবেদন এবং ইমামদের সুযোগ-সুবিধা বণ্টনসহ সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। একদিকে সরকারি ইমাম ভাতার আবেদন নিয়ে পরিচয়ের বিতর্ক, অন্যদিকে সানি ইমাম নিয়োগে পরীক্ষার ফলাফল উপেক্ষা করার অভিযোগ এবং দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ইমামের বৈষম্যের অভিযোগ- সব মিলিয়ে জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, অভিযোগ ও পাল্টা বক্তব্যের বাইরে গিয়ে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং মসজিদ পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সব পক্ষের সমান অংশগ্রহণ নিশ্চিত হবে।