৩:১৫ পূর্বাহ্ণ
কারখানার ফ্যানে মাথা লেগে প্রাণ গেলো চা-শ্রমিকের
মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানের চা-কারখানায় কাজের সময় অসাবধানতাবশত এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা কারখানায় কাজের সময় সনজীব গৌড় (৩৫) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়।
নিহত ব্যক্তি বাঘাছড়া চা-বাগানের মৃত সুদাম প্রসাদ গৌড়ীর ছেলে। বাঘাছড়া ফাঁড়ি চা-বাগানের সহকারি ব্যবস্থাপক ইউসুফ খান জানান, চা-বাগান কারখানার ভেতরের গরম হাওয়া বের করার ফ্যানের সাথে কাজের ফাঁকে অসাবধানতাবশত ফ্যানের সাথে মাথা লেগে গুরুতর আহত হয়।
এসময় কর্মরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. জয়দীপ পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’ কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো.কামরুল হোসাইন বলেন,‘হাসপাতাল থেকে তার মরদেহর সুরতহাল শেষে সন্ধ্যায় মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।’