১১:৫৬ অপরাহ্ণ
সিলেট-৫ জকিগঞ্জ-কানাইঘাট আসনে বিএনপির প্রার্থী চান জাকির হোসেইন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেইন।
বৃহস্পতিবার বিকেল চারটায় জকিগঞ্জ ডাকবাংলা মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা চাই জকিগঞ্জ-কানাইঘাটে বিএনপির ধানের শীষের একজন প্রার্থী দেওয়া হোক। এই অঞ্চল দীর্ঘদিন অবহেলিত।
যদি ধানের শীষের প্রতীক আমাদের দেওয়া হয়, আল্লাহর মেহেরবানীতে সর্বশক্তি দিয়ে তাঁকে বিজয়ী করতে আমরা কাজ করব। আর বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।” দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল যদি আমাকে নমিনেশন দেয়, তবে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য আমি প্রস্তুত আছি।” জোট রাজনীতির প্রসঙ্গ টেনে জাকির হোসেইন আরও বলেন, “পূর্বে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে বলি দেওয়া হয়েছে। উন্নয়ন থেকে আমরা বঞ্চিত থেকেছি।
বিএনপি পরিবারকে বিসর্জন দেওয়া হয়েছে। এবার সেই সুযোগ দিতে চাই না। বিএনপি একটি বড় দল, এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। তাই এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়াই সময়ের দাবি। জোটের কারণে যেন আসনটি অন্য দলের হাতে না যায়।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে বিএনপি তরুণদের আকৃষ্ট করতে সময়োপযোগী নেতৃত্ব বেছে নেবে। তাঁর ভাষায়, “আমি বিশ্বাস করি তরুণদের ভোট ইনশাআল্লাহ বিএনপির ধানের শীষের পক্ষেই যাবে।” মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।