৬:২৫ অপরাহ্ণ
কমলগঞ্জে গাছ চাপায় গৃহবধূ নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক মহিলা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় এঘটনাটি ঘটে। নিহত মহিলা ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী ৬ সন্তানের জননী লালমতি ভানু(৫০)।
নিহতের স্বজনরা জানান, সকালে কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে গেলে সেখানে পূর্ব থেকে বনায়নের গাছ কাটতে ছিল শ্রমিকরা। এসময় অসাবধনতাবশত: একটি কাটা গাছের নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরবর্তীতে গাছ কাটা শ্রমিক আব্দুল জব্বারের দৃষ্টি গোচর হলে সে সহ তার পরিবারের লোকজন মহিলাটিকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার আউয়াল হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে গাছ মহালদার ফজলুর রহমান জানান, এটি সামাজিক বনায়নের গাছ, বনবিভাগ থেকে তিনি অক্শন নিয়ে গাছগুলো কাটাচ্ছেন। তিনি শ্রমিকদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) সোহেলরানা জানান, ঘটনাটি কেহ জানায়নি, তবে পুলিশ খবর পেয়ে হাসপাতালে যাচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।