৭:৪৯ অপরাহ্ণ
কমলগঞ্জে ঘর নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ফেবুতে পোস্ট করায় শ্রমিক নেতাদের তীব্রনিন্দা
ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মাধবপুর কর্তৃক চা শ্রমিকদের জন্য নির্মানাধীন ঘর নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট দিয়ে শ্রমিকদের অসন্তোষের চেষ্টা করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) কর্তৃক চা বাগানের শ্রমিকদের জন্য বাগানের ৯নং সেকশনের খালি জায়গায় ১০ টি গৃহঘর নির্মাণ করা হচ্ছে।
গত ২৬ মার্চ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্হানীয় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর লোকজন প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আর এ ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা আদিবাসী ছাত্রনেতা মোহন রবিদাস এক সু্যোগে ফেইসবুক লাইভে এসে শ্রমিকদের জন্য ন্যাশনাল টি কোম্পানি কর্তৃক নির্মনাধীন ২১ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্হ ঘরের জায়গায় ১৪ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্হ দেখিয়ে শ্রমিকদের বসবাস অযোগ্য ঘর তৈরি করা হচ্ছে এমন বিভ্রান্তিকর ভুল তথ্য উপস্থাপন করে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে।
সে পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠে। এ ভিডিও টি ন্যাশনাল টি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর জিয়াউল হাসানের দৃষ্টিগুছর হলে তিনি বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে মাধবপুর চা বাগানের ব্যবস্হাপক শফিকুর রহমান মুন্নাকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে চা বাগানের ব্যবস্হাপক শফিকুর রহমান মুন্নার নেতৃত্বে মাধবপুর চা বাগান এর টিল্লাক্লার্ক কংকন ছত্রী,রামসুন্দর দাস,বলরাম কৈরী,দিলিপ কৈরী অফিসক্লার্ক আশিস বর্মাসহ পঞ্চায়েত কমিটির সভাপতি সাধুরাম দাস, সহ-সভাপতি বাবুল মিয়া,সাধারণ সম্পাদক রাজু বেনবংশী ও অন্যান্য সদস্যদের নিয়ে সরজমিন বাসস্হান পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের ম্যাকানিক ক্লার্ক খসরুজ্জামান, সাবেক ভ্যালী সভাপতি গোপাল নুনিয়া ও গণমাধ্যমকর্মীসহ চা বাগানে সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
এদিকে সবার উপস্থিতিতে ঘরগুলোর দৈর্ঘ্য ও প্রস্হের মাপ দিয়ে দেখা যায়, ঘরগুলো মুল মাপের চেয়ে দেড় থেকে দুই ফুট বেশী করা হয়েছে।
এসময় চা শ্রমিক নেতারা মুঠোফোনে মোহন রবিদাসকে বলতে শুনা যায়, কারো সাথে আলোচনা না করে এরকম মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি করা হলে এর দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টার জন্য তীব্রনিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবলম্বে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ফেইসবুক থেকে সরিয়ে ফেলার আহ্বান করেন চা শ্রমিক নেতারা।
মাধবপুর চা বাগানের লাইন বিল্ডিং নির্মাণের দায়িত্বে থাকা কংকন ছত্রী জানান, গৃহঘর নির্মাণ এখনও সম্পন্ন হয়নি, এখানে বিদ্যুৎ ব্যবস্হাসহ স্বাস্থ্য সম্মত লেট্টিন, পানির সুব্যবস্হা করে গৃহগুলো শ্রমিকদের মাঝে হস্তান্তর করা হবে। ফেইসবুকে একটি মিথ্যা ভিডিও আপলোড করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এব্যপারে মাধবপুর চা বাগানের ব্যবস্হাপক শফিকুর রহমান মুন্না জানান, বিভ্রান্তিকর ভিডিও ফেইসবুকে দেয়া হয়েছে পরিদর্শনকালে তার কোন সত্যতা মিলেনি। এ বিষয়ে ফেইসবুকে ভিডিও পোস্টকারী মোহন রবিদাস বলেন, আমি সেখানে খেলা দেখতে গিয়ে ঘর তৈরি করা হচ্ছে দেখে কর্তৃপক্ষে ধন্যবাদ জানিয়ে ঘরগুলো বড় করার অনুরোধ করেছি। পরে কর্তৃপক্ষের কথায় আমি ভিডিও টি ডিলেট করে ফেলেছি। পরে ফেইসবুকের সেই আইডিতে এ পোস্ট টি আর দেখা যায়নি।