৭:১৭ অপরাহ্ণ
ফাইল ছবি
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘ'র্ষে, এক যুবক নিহ*ত
দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট, মাজার-মসজিদ ও দোকানকোঠা পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক নি'হত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে সিলাম চকেরবাজার এলাকায় শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন রাসেল এক যুবক ।
পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল চকেরবাজার এলাকার শারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওয়াকফ এস্টেটকে কেন্দ্র করে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে চকেরবাজারে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে অপরপক্ষের বিরোধ তৈরি হয়।
এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। রাসেলকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুইপক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও মোগলাবাজার থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এর আগে গত ২১ আগস্ট একই ওয়াকফ এস্টেটের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ আট পুলিশ সদস্য এবং উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ওই ঘটনার পর দুই পক্ষ ও পুলিশের পক্ষ থেকে মামলা হয়। বিরোধ মীমাংসার চেষ্টা চললেও তা থামেনি; দেড় মাসের ব্যবধানে ফের সংঘর্ষে প্রাণ গেল রাসেলের।