৮:২৯ অপরাহ্ণ
ডিজিটাল প্ল্যাটফর্মে শিষ্টাচার: নতুন প্রজন্মের সামাজিক চ্যালেঞ্জ
ডিজিটাল প্ল্যাটফর্মে শিষ্টাচার: নতুন প্রজন্মের সামাজিক চ্যালেঞ্জ
বর্তমান বিশ্বের এক বৃহৎ অংশজুড়ে চলছে ভার্চুয়াল যোগাযোগের যুগ। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ—সবকিছু মিলিয়ে মানুষ এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সংযুক্ত। একদিকে এই সংযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, অন্যদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু নতুন সামাজিক চ্যালেঞ্জও। এর অন্যতম হলো ভার্চুয়াল শিষ্টাচারের অভাব। অনেক ক্ষেত্রেই দেখা যায়, শিক্ষিত মানুষরাও ডিজিটাল প্ল্যাটফর্মে এমন আচরণ করছেন, যা ভদ্রতা বা সৌজন্যের মূল ধারণার সঙ্গে যায় না। এটি শুধু সামাজিক শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করে না, বরং ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে সাধারণ অথচ গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে—মেসেজ পাঠানোর পর উত্তর না দেওয়া বা ইচ্ছাকৃতভাবে ‘সিন’ করে রেখে দেওয়া। অনেকেই হয়তো ভাবেন, মেসেজ পড়ে রেখে দেওয়াটা খুব সাধারণ একটি ব্যাপার। কিন্তু আদতে এটি গ্রহণযোগ্য নয়। কোনো বার্তা পড়ে দেখা এবং তাৎক্ষণিক উত্তর না দিয়ে দীর্ঘসময় অপেক্ষা করানো প্রেরকের প্রতি একটি প্রকার অবহেলা এবং অবজ্ঞারই নামান্তর। এই আচরণ শুধু যে প্রেরকের মনোব্যথা বাড়ায় তা-ই নয়, সম্পর্কের সৌহার্দ্যও নষ্ট করে। বিশেষত যিনি বার্তা পাঠিয়েছেন, তিনি যদি কোনো প্রয়োজন বা ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন, তবে প্রতিক্রিয়া না পাওয়া তাকে মানসিকভাবে আঘাত করতে পারে। অনেকেই যুক্তি দেন—সময় নেই, ব্যস্ততা আছে। কিন্তু প্রযুক্তির এই যুগে একটি ছোট্ট বার্তা পাঠানোও খুব কঠিন নয়। উদাহরণস্বরূপ, “এখন ব্যস্ত আছি, পরে উত্তর দিব,” এই ধরণের একটি বাক্যই একজনের সৌজন্য ও মানবিকতা প্রকাশে যথেষ্ট। এটা প্রমাণ করে যে, আপনি অপরকে অবহেলা করেননি, বরং সময়-সুযোগের অপেক্ষায় আছেন। এটি এক ধরনের দায়িত্বশীলতা এবং সংবেদনশীলতার প্রকাশ, যা ডিজিটাল ভদ্রতার অন্যতম ভিত্তি। আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেকেই নিজেদের শিক্ষিত বলে দাবি করলেও, এই ডিজিটাল আচরণবিধির ক্ষেত্রে যেন নিরক্ষর! শিক্ষার আসল উদ্দেশ্য তো কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং আচরণে তার প্রতিফলন ঘটানো। কিন্তু দেখা যাচ্ছে, বাস্তব জীবনে একজন ভদ্র, বিনয়ী মানুষ ভার্চুয়াল জগতে হয়ে উঠছেন উদাসীন, অসচেতন এবং কখনো কখনো রূঢ়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে উল্লেখ করে খারাপ মন্তব্য করা, অহেতুক বিতর্কে জড়ানো, সম্মানহীন ভাষা ব্যবহার—এসব এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অথচ একটি ‘ধন্যবাদ’, ‘অনুগ্রহ করে’, বা ‘মাফ করবেন’ শব্দগুলোই ভার্চুয়াল সম্পর্ককে করে তুলতে পারে অনেক বেশি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ। এখানে আরো একটি বিষয় খেয়াল করার মতো—ডিজিটাল মাধ্যমে আমরা যেভাবে আচরণ করি, সেটিই এখন আমাদের পরিচয়ের প্রধান উপাদান হয়ে উঠছে। কেউ কাউকে বাস্তবে না চিনলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে তার ভাষা, প্রতিক্রিয়া, যোগাযোগের ধরন, এবং সময়ানুবর্তিতা দেখে তার সম্পর্কে ধারণা গড়ে তোলে। সুতরাং, ভার্চুয়াল জগতে সৌজন্যবোধ বজায় রাখা কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, বরং নিজের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতিফলন। অভিভাবক, শিক্ষক এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত তরুণ প্রজন্মকে এই বিষয়ে সচেতন করে তোলা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিষ্টাচার নিয়ে সচেতনতামূলক আলোচনার আয়োজন করা যেতে পারে। ঠিক যেমন বাস্তব জীবনে আমরা আচরণবিধি শিখি, তেমনি ভার্চুয়াল জগতেও সেই শিষ্টাচার শেখার প্রয়োজন রয়েছে। কারণ, বর্তমান প্রজন্মের বড় একটি সময় কাটে অনলাইনে। আর সেই সময়ের মধ্যে যদি আমরা অজ্ঞতা, অবহেলা এবং অসৌজন্যমূলক আচরণ চর্চা করি, তবে তা ধীরে ধীরে আমাদের মূল চরিত্র ও মূল্যবোধেও নেতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে বলা যায়, ডিজিটাল যুগে প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে আমাদের আচরণও হওয়া উচিত আধুনিক ও মানবিক। ভার্চুয়াল সম্পর্কের ক্ষেত্রেও দায়িত্বশীলতা, বিনয়, সময়মতো সাড়া দেওয়া এবং অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা একান্ত প্রয়োজন। ছোট একটি বার্তা, একটি নম্র উত্তর কিংবা একটি ধন্যবাদ—এসবই হতে পারে ভার্চুয়াল শিষ্টাচারের বড় দৃষ্টান্ত। আমরা যদি এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলি, তবেই ডিজিটাল জগত হয়ে উঠবে আরও মানবিক, সম্মানজনক এবং সুস্থ সম্পর্কের উপযুক্ত ক্ষেত্র।
শিক্ষক সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুল দক্ষিণ সুরমা, সিলেট