১১:২৪ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমায় মেম্বারসহ আ’লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মো. মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে এ যোগদানের ঘটনা ঘটে।
জানা গেছে, কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক কুহিনূর আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপির জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী প্রধান নেতাদের মধ্যে রয়েছেন— দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন এবং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জগলু।
দলীয় সূত্রে জানা যায়, উল্লিখিত শীর্ষ নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ওই দিন একযোগে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ বিএনপির জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থা রাখছে। এই যোগদান তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।