৫:৩৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, চলছে বিশেষ পুলিশি অভি'যান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (৮ জুন) শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে, সিলেট রেঞ্জ পুলিশের নির্দেশনায় এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ফোর্স মোবিলাইজেশন ড্রিলের অংশ হিসেবে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়। কার্যক্রম চলাকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ থানার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “ফোর্স মোবিলাইজেশন ড্রিলের পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।আজ থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান আগামী কয়েক দিন অব্যাহত থাকবে।