২:২৭ অপরাহ্ণ
পুলিশের তৎপরতা অব্যাহত, সারাদেশের থানায় পাঠানো হয়েছে তথ্য
জকিগঞ্জে ১৭ বছর বয়সী কিশোর নি'খোঁজ, থানায় জিডি
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকা থেকে মো. আব্দুল্লাহ আল ইমরান তাপাদার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজের চার দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ কিশোর মাতারগ্রামের আব্দুল মুতলিব ও ফাতিমা বেগমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।
সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার (১৭ জুন) জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৭০০) করা হয়।
জিডির পর পুলিশ কিশোরের সন্ধানে অনুসন্ধান শুরু করেছে। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "এখনো পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আমাদের পুলিশি চেষ্টা অব্যাহত আছে।
সারাদেশের সব থানায় তার তথ্য পাঠানো হয়েছে। সম্ভাব্য আত্মীয়-স্বজনদের দিকেও নজর রেখে আমরা তৎপরতা চালাচ্ছি।" পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে থাকা কিশোরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা জকিগঞ্জ থানা কিংবা তাঁর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।