শনিবার, অক্টোবর ১৭, ২০ ২৬
জুবায়ের আহমদ, জকিগঞ্জ
১৬ অক্টোবর ২০ ২৬
৯:১৬ অপরাহ্ণ

শেওলা-জকিগঞ্জ সড়কের কাজের মান নিশ্চিতের দাবি

সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্নির্মাণকাজ নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সরাসরি তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার বীরশ্রী ইউনিয়নের জামডহর সমিলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের প্রধান উদ্যোক্তা ও বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ ফারহান, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর, বীরশ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা রুহুল আমিন, বড়পাথর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গনি, পরিষদের সমন্বয়ক কাজী বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন পাশা, মাওলানা আলী হুসেন, ডা. কয়েছ আহমেদ চৌধুরী, সেবুল আহমদ, আমজাদ হোসেন, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সায়িদ মো. আশিক ও সংগীতশিল্পী মাহফুজুর রহমান মারুফসহ অন্যরা।

সংবাদ সম্মেলনের আগে জামডহর সমিলের সামনে সড়কের সংস্কারকাজে ব্যবহৃত ইটের মান নিয়ে এক স্থানীয় যুবক প্রশ্ন তোলেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর মতবিরোধ হয় বলে জানা গেছে। তবে ব্যবহৃত ইটের প্রকৃত মান এবং নির্মাণকাজ নির্ধারিত শর্ত অনুযায়ী হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেওলা-জকিগঞ্জ সড়কের ১৭ কিলোমিটার সংস্কারকাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনজন ঠিকাদার কাজ পেয়েছেন। এ প্রক্রিয়ায় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সড়কের কাজ নির্ধারিত প্রাক্কলন ও মান অনুযায়ী সম্পন্ন করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানানো হয়। জনগণের অর্থে বাস্তবায়িত এ প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে যথাযথ তদারকি এবং স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ