২:৪৮ পূর্বাহ্ণ
দিরাইয়ে খাদ্য সামগ্রী বিতরণ: হাওরাঞ্চলের ফসল হারানোদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ফসল হারিয়ে নিঃস্ব কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল এইড ট্রাস্ট।গত মঙ্গলবার ট্রাস্টের পক্ষ থেকে অকাল বন্যায় তলিয়ে যাওয়া চাপতির হাওর পাড়ের তাড়ল ও কলিয়ারকাপন গ্রামের কৃষক পরিবারের মাঝে চাল,ডালসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এ-উপলক্ষ্যে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন,বৈশাখ মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হঠাৎ করেই চাপতির হাওর তলিয়ে যায়।এতে প্রায় ৫০ হাজার কৃষক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হন।তাদের কেউ জমির ধান কাটতে পারেননি।বর্তমানে এসকল পরিবার চরম দুঃসময় অতিক্রম করছেন।হাওরাঞ্চলের ফসল হারানো কৃষক পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তাড়ল গ্রামের কৃতি সন্তান,সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক'র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাক'র প্রধান আলোকচিত্রী আব্দুল বাতিন ফয়সল।বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী।
অন্যান্যের মধ্যে তাড়ল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী, মানবকন্ঠের দিরাই উপজেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ, প্রবীণ ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী, যুবলীগ নেতা রাজন চৌধুরী,ফয়সল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে কলিয়ারকাপন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় অতিথিবৃন্দ ছাড়াও জগদল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. রুমন চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন।উভয় গ্রামের শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল,পিয়াজ,আলু,লবন,সয়াবিন ও খাবার স্যালাইন তুলে দেয়া হয়।বিজ্ঞপ্তি।