৩:১০ অপরাহ্ণ
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) সিলেট জেলা শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ‘এডভোকেসি অ্যান্ড লবিয়িং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সিলেট উপশহরস্থ এনজিও ফোরামের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন এডাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী মো. আবুল কালাম আজাদ।
এডাব সিলেট জেলা শাখার সভাপতি কয়েছ আহমদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এডাবের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন সংস্থাটির পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ বাহাউদ্দীন সেলিম।
বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারের সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এনজিও খাতে কার্যকর ভূমিকা রাখতে এডভোকেসি ও লবিয়িং বিষয়ক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের উদ্যোগ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করায় এডাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে সিলেট বিভাগের চারটি জেলার পাশাপাশি নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ২৫টি এনজিওর নির্বাহী প্রধানরা অংশগ্রহণ করছেন।