৯:৪২ অপরাহ্ণ
সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের উদ্যোগে সিলেট নগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরের ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পোলিও টিকা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান ইমনের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন অভিনেতা বেলাল আহমেদ মুরাদ।
ক্যাম্পেইনে প্রায় ১৮০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি ও অলিউর রহমান আল-আমিন, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন আহমেদ, দায়িত্বশীল জামিল আহমেদ, সদস্য মিজানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জরুরি সময়ে দ্রুত রক্তের ব্যবস্থা করতে নিজের রক্তের গ্রুপ জানা গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে তারা তরুণদের রক্তদান ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ‘রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ সহজ হয়।
পাশাপাশি রক্তদানে মানুষের আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ আয়োজক সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা ও রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে সুপার উইমেন্স দলের দায়িত্বশীল সুমা আক্তার, রাখি মনি দেবী ও প্রতি সুলতানা আঁখি ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও রক্তদানে সচেতনতা সৃষ্টি, রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি সময়ে রক্তের ব্যবস্থা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।