১০ :০ ৮ অপরাহ্ণ
সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটের শাহপরান ধনকান্দিতে অবস্থিত হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (HSWF) ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির যৌথ আয়োজনে ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফলে ভালো করা মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষক ও সমাজের জন্যও আনন্দের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাও জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার নেতৃত্ব দেবে।” প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আহসানুল হক রাতুল, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, দপ্তর উপ-সম্পাদক তরিকুল ইসলাম যাওহার এবং ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির সিলেট বিভাগের সাবেক সভাপতি শাকিল আহমদ। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।