১১:০ ৫ অপরাহ্ণ
আদালতের রায়ে বিজয়ী হয়ে দায়িত্বে ফিরলেন সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরেছেন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার (২৫ মে) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সদস্য শাহেল আহমদ খোকন, ৮নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান আতিক, ৫নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান আজিজ, ২নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম (৭, ৮ ও ৯নং ওয়ার্ড)।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ঐতিহাসিক এই মুহূর্তে। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দুটি ভিত্তিহীন ও মিথ্যা মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে পাঠানো হয়েছিল।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আদালতের ওপর আস্থা রেখেছিলাম। অবশেষে সেই আইনি লড়াইয়ে আমি বিজয়ী হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছি।”
তিনি আরও বলেন, “আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণ যদি না চায়, তাহলে আমি এক মুহূর্তও চেয়ারে বসে থাকবো না। তবে ষড়যন্ত্র করে আমাদের পথ রুদ্ধ করা যাবে না, কারণ জনগণ সবসময় আমাদের পাশে রয়েছে।” উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্বে পুনর্বহাল করতে নির্দেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনাসহ রুল জারি করা হয়। চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসাকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণের মুখেও ফিরে এসেছে স্বস্তি ও আশার বার্তা।