৬:০ ৮ অপরাহ্ণ
মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছাত্রদল থেকে বহিষ্কারের পর তানভীর আহমেদের বাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার
সিলেটের জালালাবাদ থানাধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বাড়িতে রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ২ অক্টোবর ২০২৬ তারিখে দল থেকে বহিষ্কারের পর এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। বর্তমানে তানভীর আহমেদ যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, হামলার ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা এ ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের সদস্যদের প্রশ্ন, একই রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ার পরও কীভাবে একজন সহকর্মীর বাড়িতে হামলা চালানো সম্ভব? পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর আইনি পদক্ষেপ নিতে জালালাবাদ থানায় মামলা করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের মামলা গ্রহণ করেননি। এ ঘটনায় তাঁরা হতাশা প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি বলে জানা গেছে। অন্যদিকে, হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।