বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৮ মে ২০ ২৩
৭:০ ৮ অপরাহ্ণ

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে শ্রমিক ধর্মঘট

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সরকারের মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে শ্রমিকদের সাপ্তাহিক তলবের (মজুরি) টাকা কাটার প্রতিবাদে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করায় চা বাগানে কাঁচা চা পাতা উত্তোলন সহ উৎপাদনের সকল কাজ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘটের ডাক দেয়ার হুমকিদেন চা শ্রমিকরা।

চা শ্রমিকরা জানান, কিছুদিন আগে বাগান কর্তৃপক্ষ আমাদের সাপ্তাহিক তলব (মজুরি) থেকে ১০০ টাকা কেটে রাখে। তখন আমরা সাধারন শ্রমিকরা প্রতিবাদ করলে চলতি মাসের ১৫ তারিখ বাগান কর্তৃপক্ষ আমাদের পাওনা মজুরির টাকা দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু ওইদিন কেটে রাখা বকেয়া পরিশোধ করা হয়নি। বুধবার (১৭ মে) শ্রমিকদের তলব (মজুরি) দিতে গিয়ে বাগান কর্তৃপক্ষ জানায় পূর্বের বকেয়া টাকা দেয়া হবে না।

ওই টাকার জন্য আরো দুই সপ্তাহ অপেক্ষা করার কথা জানিয়ে বুধবারেও সাপ্তাহিক তলব (হাজিরা) থেকে ১৫০ টাকা করে কেটে রাখলে শ্রমিকরা সাপ্তাহিক তলবের পুরো টাকা দাবি করেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তলবের সব টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা তলবের টাকা না নিয়ে ফিরে যান। এদিকে তলবের টাকা কেটে রাখার প্রতিবাদে এবং কেটে রাখা বকেয়া মজুরির দাবীতে বৃহস্পতিবার সকালে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট করেন বাগানের নারী পুরুষ শ্রমিকরা। কাজে যোগদান না করে বাগানের ফটকে অবস্থান করায় চা বাগানে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি শান্ত করতে এবং শ্রমিকদের কাজে ফেরাতে বাগান ব্যবস্থাপক চা শ্রমিকদের সাথে কথা বললেও শ্রমিকরা দাবিতে অনড় থাকায় কাজে যোগদান করেননি। শ্রমিকরা বলেন,শুধু আমাদের মজুরিই নয়, শ্রমিক ইউনিয়নের চাঁদা কেটে রাখলেও সেই টাকা ইউনিয়নে জমা দেয়া হয় না। পঞ্চায়েত কমিটির সভাপতি ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্ত্তী শিপন বলেন, দীর্ঘদিন থেকে পাত্রখোলা চা বাগানে মজুরি নিয়ে সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার সারাদিন চা শ্রমিকরা তাদের বকেয়া মজুরিরসহ নানা দাবিতে ধর্মঘট করেছে। বাগান কর্তৃপক্ষ এর আগেও বকেয়া মজুরি পরিশোধের কথা বলে শ্রমিকদের সাথে কথা রাখেনি। বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে একঘেয়েমি মনোভাব প্রকাশ করে আসছে। পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাহিরে থাকায় চেক সাইন করা যায়নি। কিন্তু চা শ্রমিকেরা তা বুঝতে চাচ্ছে না। আগামী সপ্তাহের মধ্যেই চা শ্রমিকদের পূর্বের বকেয়া মজুরি দিয়ে দেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ